অতি ভারী বর্ষণ নিয়ে দুঃসংবাদ, আবহাওয়া নিয়ে নতুন বার্তা

দেশের সব বিভাগেই টানা চারদিন ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দেওয়া এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, বজ্রমেঘের সক্রিয়তার কারণে মঙ্গলবার সকাল ১১টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় দেশের আট বিভাগ - রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন স্থানে ভারী (৪৪–৮৮ মিমি) থেকে অতি ভারী (৮৮ মিমির বেশি) বৃষ্টিপাত হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে এই ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা, নগর এলাকায় পানি জমে ভোগান্তি ও বিশেষ করে চট্টগ্রাম বিভাগেরর পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।
এ ছাড়া, আলাদা সামুদ্রিক সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য বেশি থাকায় সমুদ্র উত্তাল থাকতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে।