বৃষ্টিতে ভিজবে দেশের বেশিরভাগ এলাকা, কমতে পারে তাপমাত্রা

এশিয়া পোস্ট ডেস্ক
বৃষ্টিতে ভিজবে দেশের বেশিরভাগ এলাকা, কমতে পারে তাপমাত্রা
ছবি: সংগৃহীত

দেশের বেশিরভাগ অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

Advertisement

মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য এলাকায়ও মৌসুমি বায়ুর প্রভাব মাঝারি অবস্থায় রয়েছে। এ পরিস্থিতির কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বগুড়ায়, যেখানে ৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। মঙ্গলবার ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

এদিকে, ঢাকায় মঙ্গলবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১৫ মিনিটে।