ছুটির দিনে ভয়াবহ বায়ুদূষণ ঢাকায়

আজ শনিবার সরকারি ছুটি হওয়ায় রাজধানীতে যানবাহন কম চলছে। বেশির ভাগ কলকারখানাও বন্ধ। তারপরও আজ ঢাকার বায়ুদূষণ অনেক বেশি।
আজ সকাল ৮টার দিকে বিশ্বের ১২৬টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। বায়ুর মান ছিল ২১৬।
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, তৃতীয় নম্বরে রয়েছে ভারতের দিল্লি।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডের বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ২১৬। বাতাসের এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়।
আইকিউএয়ারের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস ছিল পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৭৭। এ ছাড়া ২১৬ স্কোর নিয়ে ঢাকা দ্বিতীয় এবং ২১৩ স্কোর নিয়ে ভারতের দিল্লি রয়েছে তৃতীয় নম্বরে।
আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকার বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
এ ছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত করা হয়। যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


