৩ বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

ঢাকাসহ তিন বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় বিরাজ করছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এ অবস্থায় বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এ ছাড়া বৃহস্পতি ও শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।