রাতেই যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের বেশ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝড়ের কারণে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ ছাড়া এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বুধবার (২৯ এপ্রিল) বিকেলে এশিয়া পোস্টকে বলেন, চলমান এই বৃষ্টি আগামী চার থেকে পাঁচ দিন পর্যন্ত পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। আগামী চার মে পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।
এদিকে আবহাওয়া অফিসের পক্ষ থেকে সতর্কতাস্বরূপ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ জানিয়েছেন, পশ্চিমা লঘু চাপের কারণে আগাম মৌসুমি বৃষ্টি হয়। আগাম বৃষ্টি হওয়ায় এ সময়ের বৃষ্টিতে বজ্রপাত হবে, তাই সবচেয়ে সতর্ক থাকতে হবে।