logo

ঢাকায় তুমুল বৃষ্টি, ১৫ জেলায় ঝড় নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

ঢাকায় তুমুল বৃষ্টি, ১৫ জেলায় ঝড় নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে কিছু কিছু জেলায় সকাল থেকে দুপুরের মধ্যে ঝড় বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলমান এই বৃষ্টি থেমে থেমে আরও কয়েকদিন থাকতে পারে। এ ছাড়া সন্ধ্যার মধ্যে ১৫ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

শনিবার (২ মে) আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত রয়েছে। এ অবস্থায় শনিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলগুলোর ওপর দিয়ে শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।