সিলেট-সুনামগঞ্জসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকা ও আশপাশের জেলাগুলোতে আগামী পাঁচ দিন ভারি থেকে অতিভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (২ মে) কেন্দ্রের এক বার্তায় বলা হয়, সুরমা-কুশিয়ারা অববাহিকার নদীগুলোর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনে অতিভারি বৃষ্টির কারণে তা বাড়তে পারে। বিশেষ করে কুশিয়ারা নদীর পানি কোথাও কোথাও প্রাক-মৌসুমী বিপৎসীমা অতিক্রম করতে পারে, ফলে সিলেট ও সুনামগঞ্জের হাওরসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। একই সময়ে সারি গোয়াইন ও যাদুকাটা নদীর পানিও বাড়তে পারে।
নেত্রকোনার ভুগাই-কংস ও সোমেশ্বরী অববাহিকার নদীগুলোর পানি কিছুটা কমলেও এখনও বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিনে পানি স্থিতিশীল থাকলেও হাওর এলাকার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি মগরা নদীর পানি বাড়ায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
ধনু-বাউলাই অববাহিকায় কিশোরগঞ্জ ও নেত্রকোনায় পানি বাড়ছে। বাউলাই নদীর খালিয়াজুড়ি পয়েন্টে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পানি বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে, যা নেত্রকোনার নিম্নাঞ্চলে নতুন করে বন্যা সৃষ্টি করতে পারে।
অন্যদিকে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার পরিস্থিতি আরও অবনতির পূর্বাভাস দেওয়া হয়েছে। মনু, খোয়াই ও জুরি নদীর পানি আগামী তিন দিনে বাড়তে পারে। এর মধ্যে খোয়াই ও জুরি নদী ২৪ ঘণ্টার মধ্যেই বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং মনু নদী সতর্কসীমা ছাড়াতে পারে।
এতে মৌলভীবাজারের হাওরসংলগ্ন নিম্নাঞ্চলে নতুন বন্যা এবং হবিগঞ্জে চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।