সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৮০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে—খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের ৪৪ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
আরও বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা (১৩ জেলা), খুলনা (১০ জেলা), বরিশাল (৬ জেলা), চট্টগ্রাম (১১ জেলা) ও সিলেট (৪ জেলা) বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথভা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।