ঈদের ৩ দিন কেমন থাকবে দেশের আবহাওয়া

ঈদুল আজহার দন এবং ঈদের আগের ও পরের দিনসহ আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এর মাঝেই ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগসহ বেশ কিছু জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
সোমবার (২৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে।
কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া?
আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃষ্টিপাতের আভাস থাকলেও ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আজ ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।
মঙ্গলবারের আবহাওয়া: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
ঈদের আগের দিন: ঈদের আগের দিন থেকে দেশজুড়ে বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে। এ দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ফলে সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমবে।
ঈদের দিন: ঈদের দিন বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারী বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতির দিকে থাকবে।
ঈদের পরের দিন: ঈদের পরের দিন শুক্রবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারী বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেইসাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে ১০১ মিলিমিটার। এছাড়া রাঙামাটিতে ৫১ মিলিমিটার, নেত্রকোনা ও দিনাজপুরে ৪৯ মিলিমিটার এবং চাঁদপুরে ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
