ঢাকায় তাপমাত্রা কেমন থাকবে আজ

এশিয়া পোস্ট নিউজ
ঢাকায় তাপমাত্রা কেমন থাকবে আজ
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুয়েকদিন ধরে সকালে বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অফিস জানিয়েছে, আজও দিনের প্রথমার্ধে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকবে। হালকা বৃষ্টি হতে পারে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল: ৮৯ শতাংশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, এ সময়ে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।