একদিকে ভারী বৃষ্টি অন্যদিকে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় আকভান নিয়ে নতুন শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
বুধবার (১৮ নভেম্বর) কানাডার সাচকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ সময় বেলা ৩টায় ঘূর্ণিঝড় আকভানের কেন্দ্রের অবস্থান ছিল প্রায় ১৩ দশমিক ৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৬ দশমিক ৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের চারপাশে বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৭৪ কিলোমিটার। দমকা হাওয়াসহ বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত উঠছিল। এ ছাড়া ঘূর্ণিঝড়টির চারপাশে প্রায় ২০ ফুট উচ্চতার ঢেউ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার এবং ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে জানান, গত ১২ ঘণ্টায় ঘূর্ণিঝড় আকভানের গতিপথ আরও উত্তর-পশ্চিম দিকে সরে ভারতের ওড়িশা রাজ্যের দিকে এগিয়েছে।
তিনি জানান, সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশের উত্তর প্রান্ত ও ওড়িশার দক্ষিণ উপকূলীয় এলাকার ওপর দিয়ে শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে।
তিনি আরও বলেন, তবে ঘূর্ণিঝড়টি আরও কিছুটা উত্তর-পূর্ব দিকে সরে গেলে ভারতের ওড়িশার উত্তরাঞ্চল ও পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলীয় উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশের সম্ভাবনাও রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে ঘূর্ণিঝড়টির প্রভাব বাড়তে পারে।
পলাশ বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ বুধবার থেকে শুরু করে আগামী শনিবার (২১ নভেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে বৃষ্টির পরিমাণও বাড়তে পারে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে ২০ ও ২১ নভেম্বর। ২২ নভেম্বরও রংপুর বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই আবহাওয়াবিদ আরও বলেন, আকভানের প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এসব এলাকায় স্বাভাবিক জোয়ারের তুলনায় ২ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এ কারণে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।



