দেশজুড়ে বৃষ্টি থাকবে কত দিন, জানাল আবহাওয়া অফিস

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। এই লঘুচাপের প্রভাবে সারা দেশে আগামী রোববার (১৬ আগস্ট) পর্যন্ত দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে।
বুধবার (১২ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত একই ধরনের প্রবণতা থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ বিষয়ে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, সারা দেশেই মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে।
.png)


