দুপুরের মধ্যে ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা

দক্ষিণাঞ্চলের ছয়টি অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।
এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, এ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
তবে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে। মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৭ মিনিটে।
