লঘুচাপের আভাস, বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ভারত মহাসাগরের উত্তর-পূর্ব অংশে অবস্থিত আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ অবস্থায় আগামী ৫ দিনের মধ্যে দু-দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিতে ভিজতে পারে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি বিভাগ।
রোববার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় সোম-বুধবার (১৯-২১ অক্টোবর) পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
এ ৩ দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর মধ্যে সোম ও বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, বৃহস্পতি ও শুক্রবার (২২-২৩ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই দু-দিনে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
