২৪ ঘণ্টায় দুই জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে নদ-নদীর পানি বেড়ে দুই জেলার কোথাও কোথাও নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
শনিবার (২৯ আগস্ট) এক পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আবহাওয়া সংস্থাগুলোর বরাত দিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওডিশার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এ ছাড়া আগামী তিন দিন দেশের অভ্যন্তরে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বেড়েছে। আগামী এক দিন এসব নদীর পানি আরও বাড়তে পারে। এরপর দুই দিন পানি স্থিতিশীল থাকতে পারে।
এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় মনু, ধলাই ও খোয়াই নদীর কয়েকটি স্থানে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার এসব নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বেড়েছে। আগামী এক দিন এসব নদীর পানি দ্রুত বাড়তে পারে। দ্বিতীয় দিন পানি স্থিতিশীল এবং তৃতীয় দিন কমতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। আগামী এক দিনও পানি স্থিতিশীল থাকতে পারে। এরপর চার দিন পানি বাড়তে পারে। অন্যদিকে আগামী পাঁচ দিন গঙ্গা-পদ্মা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। এ সময় নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
সুরমা-কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি আরও বাড়তে পারে।
এ ছাড়া উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলা নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। একই সময়ে দুধকুমার নদীর পানি কমেছে। আগামী এক দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। এরপর দুই দিন পানি বাড়তে পারে।



