১২০ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এ অব্স্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টায় প্রতিটি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া এ সময়ে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়, আগামী ১২০ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। সর্বনিম্ন ২০ দশমিক ৬ ছিল রংপুরের ডিমলায়।