২৪ ঘণ্টায় ঢাকাসহ ছয় বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের ছয় বিভাগে দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১২ জুলাই) আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেওয়া হয়।
এতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ রোববার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলি মিটার ২৪ ঘণ্টা) থেকে অতিভারী (১৮৮ মিলি ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
এদিকে আজ সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। রাজধানীর কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে গন্তব্যে ফেরা মানুষদের। দুর্বিষহ হয়ে উঠেছে নিম্নআয়ের মানুষের জীবন।
অপর দিকে দেশে গত কয়েক দিন ধরে টানা ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে এর মধ্যে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ ছাড়া অন্তত সাতটি জেলার নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে আগামী দুই দিন এ রকম বৃষ্টি পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিপ্তর।
শনিবার (১১ জুলাই) বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।




