রাজধানীতে সকাল থেকেই বৃষ্টি, সারা দিন যেমন থাকবে

রাজধানীর আকাশ সকাল থেকেই ছিল মেঘাচ্ছন্ন। সকাল সাড়ে ৭টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি।
সোমবার (১৩ জুলাই) ঢাকায় একটানা বৃষ্টি না হলেও সারা দিন থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের বেশির ভাগ সময় আকাশ মেঘলা থাকারও পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, রাজধানী ও আশপাশের এলাকায় সারা দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা একটানা হবে না। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, যদিও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
গতকাল (রোববার) দুপুরে দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, ঢাকা-সহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ঢাকা বিভাগে। তবে রাতের দিকে রাজধানীতে বৃষ্টির তীব্রতা কমে আসে। রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে সকাল ৭টার পর আবার বৃষ্টি শুরু হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য, কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তা ভারী বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য করা হয়।
প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেশের অন্তত সাতটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। তবে দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম ও উত্তর-পূর্বাঞ্চলের সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে।





