logo

স্থল নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্কবার্তা

স্থল নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্কবার্তা
এআই দিয়ে নির্মিত ছবি

বঙ্গোপসাগরে স্থল নিম্নচাপের প্রভাবে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মিয়ানমার ও সংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ ভূমিধস হতে পারে।

আরেক সতর্কবার্তায় বলা হয়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, রাত ৯টা থেকে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ বিভাগের কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।