১২ জেলায় রাতের আবহাওয়া নিয়ে সতর্কবার্তা

সারা দেশের ১২ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায় আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, রাতের মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আরও বলা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই দমকা বাতাস বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে ১২ জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিজ্ঞপ্তিতে শনিবার (২ মে) সকালের মধ্যে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। যা ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। এ সময় রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।