গরম ও বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

দেশের ছয় জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে দেশের কিছু কিছু জায়গায় বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময়ে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। চলমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। এ সময়ে ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এ ছাড়া শুক্রবার থেকে সোমবার সকাল পর্যন্ত সারা দেশে তাপমাত্রা কিছুটা বেড়ে অপরিবর্তিত থাকতে পারে। কিছু কিছু জেলার বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।