বজ্রপাতে ১২ মৃত্যু: রাতের মধ্যেই বজ্রবৃষ্টির বিশেষ সতর্কতা জারি

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সময় বজ্রপাতে অন্তত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। এরই মধ্যে শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টির এক বিশেষ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের আট অঞ্চলের ওপর দিয়ে তীব্র বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঝড়ো আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সুনামগঞ্জ, রংপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে বজ্রপাতে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বজ্রপাতে আহত হয়েছেন অন্তত ১৯ জন। এরমধ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও দিরাই উপজেলায় বজ্রপাতে পাঁচজন মারা গেছেন।