logo

রাজধানীতে হঠাৎ বজ্রবৃষ্টি, কমল তাপমাত্রা

রাজধানীতে হঠাৎ বজ্রবৃষ্টি, কমল তাপমাত্রা
রাজধানীর পল্টন এলাকা থেকে তোলা ফাইল ছবি।

সারাদিনের গরমের পর রাজধানীতে হঠাৎ বজ্রবৃষ্টি দেখা দিয়েছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বৃষ্টি শুরু হয়। এতে দিনের ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে নগরবাসীর। এর আগে দুপুরের পর থেকেই আকাশে কালো মেঘের ঘনঘটা। বেড়া পড়ার সঙ্গে সঙ্গে তা আরও ভারী হতে থাকে। সন্ধ্যার পর রাজধানীতে বৃষ্টিপাতের পাশাপাশি মেঘের গুড়ুম গুড়ুম ডাক আর বজ্রের আলোকচ্ছটা দেখা গেছে।

এদিকে রাজধানীর উত্তরা, বিমানবন্দর, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। একই সঙ্গে গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং কক্সবাজারেও বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে ঢাকার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস দেখানো হয়েছে। অর্থাৎ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ৮ দশমিক ১ ডিগ্রি।

এর আগে সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছিল।