logo

পহেলা বৈশাখে আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

পহেলা বৈশাখে আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

কড়া নাড়ছে বাংলা নববর্ষ। এপ্রিলের ১৪ তারিখ বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন পহেলা বৈশাখ। এই দিনটি বাংলাদেশের সবচাইতে বড় উৎসবগুলোর একটি। তবে বৈশাখের উৎসবে মেতে ওঠার দিন ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১১ এপ্রিল) সকালে অধিদপ্তরের দেওয়া পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, পহেলা বৈশাখে দেশের বাকি অংশে আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বৃষ্টির প্রভাবে সারা দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে।
 
এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।