রাজধানীসহ কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

এশিয়া পোস্ট ডেস্ক
রাজধানীসহ কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা কবে কমবে, জানাল আবহাওয়া অফিস
রাজধানীতে মুষলধারে বৃষ্টি। ছবি: এশিয়া পোস্ট

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টির তীব্রতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৩ জুলাই) আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, খুলনা বিভাগে মঙ্গলবার থেকেই বৃষ্টির তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের মাদারীপুর, ফরিদপুরসহ কয়েকটি জেলা, পাশাপাশি বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে।

তিনি বলেন, বৃষ্টির তীব্রতা কমে যাওয়া মানে বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যাবে, এমন নয়। বর্তমানে যে অতি ভারী বৃষ্টি হচ্ছে, তার পরিমাণ কমতে পারে। তবে এক-দুই পশলা বৃষ্টি চলতেই থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে গতকাল রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দেশের ছয় বিভাগে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে দুপুরের পর থেকেই ঢাকার আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করে। আবহাওয়াবিদদের মতে, মঙ্গলবার রাজধানীতে স্বল্প সময়ের জন্য রোদের দেখা মিলতে পারে। তবে দিনের বিভিন্ন সময়ে দু-এক দফা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ ধরনের আবহাওয়া আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে উঠতে পারে। এর প্রভাবে সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে।