অন্ধ্রপ্রদেশ উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘনীভূত হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপকূলে আঘাত হানতে পারে। এ অবস্থায় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার।
সোমবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৫টায় পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল ‘অর্ণব’। এটি বিশাখাপত্তনম থেকে প্রায় ৬৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এবং ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগোচ্ছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলের মধ্যে এটি বাপাতলা ও বিশাখাপত্তনমের মাঝামাঝি ইয়ানামের কাছ দিয়ে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৫-১২৫ কিলোমিটার থেকে দমকা হাওয়াসহ ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
ঘূর্ণিঝড়টি মোকাবিলায় জাতীয় সংকট ব্যবস্থাপনা কমিটির (এনসিএমসি) বৈঠক ডেকে প্রস্তুতি পর্যালোচনা করেছেন ক্যাবিনেট সচিব টি ভি সোমনাথন। তিনি কর্মকর্তাদের জননিরাপত্তা নিশ্চিত করা ও দ্রুত জরুরি সেবা পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন। ২৬-২৯ অক্টোবর পর্যন্ত জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও কোস্ট গার্ডের সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীকে (এনডিআরএফ) প্রস্তুত রাখা হয়েছে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ২৪ ঘণ্টা সতর্কতা জারি রেখে নিয়ন্ত্রণ কক্ষ চালু ও প্রসূতিদের আগেভাগে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়া সামলাতে প্রস্তুত রাখা হয়েছে ২৫ হাজার বৈদ্যুতিক খুঁটি।
অন্যদিকে, ওড়িশার ছয়টি ঝুঁকিপূর্ণ জেলায় পর্যটক ও মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়ে প্রস্তুতি তদারকিতে ৮ মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ভারতের আরও বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি।

