দেশের দক্ষিণাঞ্চলের সব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দেশের দক্ষিণাঞ্চলের সব জেলার উপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
শুক্রবার (২৯ মে) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
তিনি বলেন, দেশের দক্ষিণাঞ্চলের সব জেলার উপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের দক্ষিণের সকল জেলা বৃষ্টি হতে পারে।
ঢাকা বিভাগের পদ্মা নদীর দক্ষিণ দিকের সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
পলাশ আরও জানান, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু অংশে ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। ঢাকা বিভাগের কোনো কোনো জেলায় ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। বাকি এলাকায় বিকেল ৫টা থেকে রাত ১০টার মধ্যে বৃষ্টি হতে পারে।
বরিশাল বিভাগে বিকেল ৬টার পর থেকে রাত ১০টার মধ্যে। চট্টগ্রাম বিভাগে সন্ধ্যা ৭টার পর থেকে রাত ১২টার মধ্যে বৃষ্টি অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন তিনি।
