ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘বিজলী’

দেশের দিকে ধেয়ে আসছে আংশিক মাঝারি বৃষ্টিবলয় ‘বিজলী’। শুক্রবার (২৭ মার্চ) রাতে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) তাদের ফেসবুকে পেজে এ তথ্য জানায়।
এতে বলা হয়, বৃষ্টিবলয়টি সারা দেশে সক্রিয় হবে না। এটি নির্দিষ্ট কিছু এলাকাতে হতে পারে। অর্থাৎ দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় কমবেশি ঝড়-বৃষ্টি হতে পারে।
চলতি বছরের দ্বিতীয় এই বৃষ্টিবলয় ২৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সক্রিয় থাকতে পারে। বেশি সক্রিয় থাকবে ২৮ থেকে ২৯ মার্চ পর্যন্ত।
বৃষ্টিবলয় ‘বিজলী’ সিলেট ও ময়মনসিংহ বিভাগে বেশি সক্রিয়; ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু অংশে কম সক্রিয় থাকতে পারে।
বিডব্লিউওটি আরও জানায়, বৃষ্টিবলয়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর সামান্য উত্তাল হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি, কালবৈশাখী ও মাঝারি থেকে তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া বৃষ্টিবলয় চলাকালীন অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। প্রাকৃতিক কারণে বৃষ্টিবলয়ের সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্ত হতে পারে।