logo

দুই দফায় শক্তিশালী কালবৈশাখী বয়ে যেতে পারে

দুই দফায় শক্তিশালী কালবৈশাখী বয়ে যেতে পারে

দেশের ওপর দিয়ে দুই দফায় শক্তিশালী কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। 

মোস্তফা কামাল পলাশ জানান, দুই দিন ব্যবধানে দুই বার শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। প্রথমবার ১৫ থেকে ১৭ মার্চ ও দ্বিতীয় বার ২০ থেকে ২২ মার্চ দেশের ওপর দিয়ে কালবৈশাখি ঝড় অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।
 
তিনি আরও লিখেছেন, সাধারণত যেদিন দেশের উত্তর ও মধ্য ভাগের বিভাগগুলোর (রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা) ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করে, তার পরের দিন দেশের মধ্য ও দক্ষিণ ভাগের বিভাগুলোর (খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করে।

এর আগে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি (মার্চ) মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে, এ মাসে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং এক থেকে দু-দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এ ছাড়া মার্চে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে দু-একটি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।