logo

তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের শঙ্কা

তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের শঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবাহওয়া অধিদপ্তর। শনিবার (২৩ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। এ অবস্থায় শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় ঝড়, বিদ্যুৎ চমকানোসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময়ে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হাতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, রামগতি এবং মোংলায়। এছাড়া সর্বোচ্চ ১০০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে সীতাকুন্ড।