দুপুরের আগেই যেসব জেলায় বজ্রসহবৃষ্টি হতে পারে

দেশের বেশ কিছু জেলায় দুপুরের আগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পেজে এ তথ্য জানায়।
এতে বলা হয়, কুমিল্লা, ফেনী, লক্ষীপুর, নোয়াখালী, চাঁদপুর, মাদারীপুর, শরিয়তপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহে দুপুরের আগেই একাধিকবার বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। কিছু কিছু জায়গায় বৃষ্টির সঙ্গে দমকাহাওয়াও বইতে পারে।
এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দুপুরের মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড় বয়ে যেতে পারে।
এছাড়া এসব অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।