ঢাকায় দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে

ভোরের আলো পুরোপুরি না ফুটতেই ঘন কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। এর কিছুক্ষণ পরেই শুরু হয় তুমুল বৃষ্টি, যা দিনভর থেমে থেমে চলতে পারে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল হামিদ এশিয়া পোস্টকে এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকায় আজ সারাদিন থেমে থেমে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। আকাশ মেঘলা থাকায় সূর্যের দেখা নাও মিলতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি বেড়ে যেতে পারে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পেজে জানিয়েছে, দুপুর পর্যন্ত ঢাকায় আরও এক থেকে দুই দফা মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। ইতোমধ্যেই ভোর থেকেই থেমে থেমে বজ্রবৃষ্টি চলছে।
এ ছাড়া দুপুরের মধ্যে কুমিল্লা, ফেনী, লক্ষীপুর, নোয়াখালী, চাঁদপুর, মাদারীপুর, শরিয়তপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহে একাধিকবার বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।