দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায়, আগামী ২ দিন কেমন থাকবে

বাতাসে অত্যধিক আর্দ্রতা থাকায় ঢাকায় তাপমাত্রা বেড়েছে। দেশের কোথাও তাপপ্রবাহ না থাকলেও গরমের মাত্রা বেড়েছে। এ অবস্থায় রোববার (২৭ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকাসহ দেশের ৩ অঞ্চলে।
আবহাওয়াবিদের তথ্যমতে, তাপপ্রবাহ না থাকলেও বাতাসের অত্যধিক আর্দ্রতার জন্য গরমের অনুভূতি বেশি হচ্ছে। রোববারের চেয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) গরমের মাত্রা আরও বাড়তে পারে।
রোববার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা ছিল খুলনা ও চাঁদপুরেও।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, যদি কোনো এলাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তখন সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। সে অনুযায়ী, আজ কোথাও তাপপ্রবাহ নেই। কিন্তু এ তাপমাত্রাও অনেকটা অসহনীয়। তাপপ্রবাহ না থাকলেও গরমের অনুভূতি অনেক বেশি। এ সময়টার বৈশিষ্ট্যই এমন। এর কারণ, বাতাসে অত্যধিক আর্দ্রতা আছে।
এদিকে, চলতি মাসে তিন দফায় তাপপ্রবাহ বয়ে যায়। আগামী দু-এক দিনেও তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর আবার একটি লঘুচাপ আসতে পারে।
