logo

রাত থেকে সকাল পর্যন্ত ঝড়ের তাণ্ডব চলতে পারে যেসব জেলায়

রাত থেকে সকাল পর্যন্ত ঝড়ের তাণ্ডব চলতে পারে যেসব জেলায়

দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

রোববার (২৬ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া রাত ১১টা থেকে সকাল ৯টা (২৭ এপ্রিল) পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রংপুর, বগুড়া, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই রাত ১১টা থেকে সকাল ৯টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে  ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।