মেঘলা আকাশসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ ও এর আশপাশের অঞ্চলে একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে সারাদিন দেশজুড়ে আকাশ মেঘলা থাকার পাশাপাশি বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) কৃত্রিম ভূ-উপগ্রহের (স্যাটেলাইট) একটি চিত্র বিশ্লেষণ করে এ তথ্যের কথা জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে পাওয়া স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে মিয়ানমারের রাখাইন রাজ্য, বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এবং ভারতের মণিপুর ও মিজোরাম রাজ্যের ওপর একটি লঘুচাপ অবস্থান করছে। এই লঘুচাপের কারণে গভীর সঞ্চরণশীল মেঘের সৃষ্টি হচ্ছে, যার প্রভাব আজ সারাদিন অব্যাহত থাকতে পারে।
লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে রাত ১২টার মধ্যে দেশের চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে।
অঞ্চলভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সারাদিনে থেমে থেমে ২ থেকে ৩ বার বৃষ্টি হতে পারে।
সিলেট বিভাগ: বিভাগের সবকটি জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
বরিশাল বিভাগ: ভোলা ও পটুয়াখালী জেলার কিছু কিছু উপজেলায় বৃষ্টির সম্ভাবনা আছে।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টি হতে পারে।
ঢাকা বিভাগ: কেবল কিশোরগঞ্জ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে; বিভাগের অন্যান্য জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ: এসব বিভাগে আজ সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে।
ভারতের ত্রিপুরা রাজ্য: দিনজুড়ে ত্রিপুরা রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: আজ পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
