logo

গরম নিয়ে দুঃসংবাদ

গরম নিয়ে দুঃসংবাদ

সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় রোববার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এতে গরমের তীব্রতা আরও বাড়বে।

এ ছাড়া এ সময়ে দেশের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।

এদিকে আবহাওয়া অফিসের চলতি (এপ্রিল) মাসের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস মাঝারি এবং ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে তীব্র তাপপ্রবাহ বলা হয়।