logo

সকালের মধ্যে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী

সকালের মধ্যে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী

ঢাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে আবারও ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রবৃষ্টি। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১টা ৪৫ মিনিট থেকে রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টার মধ্যে ছয়টি বিভাগের বিভিন্ন জেলায় এই ঝড়-বৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

পলাশের দেওয়া তথ্যমতে, রোববার (২৬ এপ্রিল) সকাল ১০ টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর ওপরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে—

রাজশাহী বিভাগ: জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১ থেকে ২ বার তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় হতে পারে।

রংপুর বিভাগ: বিভাগের সকল জেলায় আজ রাতে কমপক্ষে ২ থেকে ৩ বার তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।

ময়মনসিংহ বিভাগ: শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় ২ থেকে ৩ বার তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সিলেট বিভাগ: সকল জেলায় রাত ২টার পর থেকে আগামীকাল দুপুর ১২টার মধ্যে ৩ থেকে ৫ বার তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগ: টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী এবং ঢাকা জেলার উত্তর দিকের উপজেলাগুলোতে ২ থেকে ৩ বার তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগ: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় ভোর ৪টার পর থেকে আগামীকাল দুপুর ১২টার মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি।