রাতেই রাজধানীসহ বেশিরভাগ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আশঙ্কা

রাজধানীসহ দেশের বেশিরভাগ জেলার ওপর দিয়ে রাতের মধ্যে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দক্ষিণ-পূর্ব দিক থেকে আগত একটি নিম্নচাপ রাত ৯টার সময় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর ওপর দিয়ে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে মঙ্গলবার রাত ৯টার পর থেকে বুধবার সকাল ৮টার মধ্যে দেশের বেশিরভাগ জেলায় বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সব জেলায় তুলনামূলক বেশি বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে।
অঞ্চলভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস
চট্টগ্রাম বিভাগ: বর্তমানে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও ফেনী জেলায়। রাত ৯টার পর থেকে রাত ৩টার মধ্যে পুরো বিভাগের সব জেলায় ভারী বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
সিলেট বিভাগ: রাত ১০টার পর থেকে ভোর ৫টার মধ্যে ভারী বৃষ্টি ও তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
ঢাকা বিভাগ: রাত ১১টার পর থেকে সকাল ৬টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ঢাকা শহরে রাত ১২টার পর থেকে ভোর ৪টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
বরিশাল বিভাগ: রাত ৯টা ৩০ মিনিটের পর থেকে ভোর ৪টার মধ্যে ভারী বর্ষণ ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: রাত ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
খুলনা বিভাগ: রাত ১২টার পর থেকে সকাল ৮টার মধ্যে অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
রাজশাহী বিভাগ: রাত ২টার পর থেকে সকাল ৮টার মধ্যে সিরাজগঞ্জ, বগুড়া ও পাবনাসহ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রংপুর বিভাগ: রাত ২টার পর থেকে সকাল ৮টার মধ্যে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও দিনাজপুরসহ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
ভারতের ত্রিপুরা রাজ্য: রাত ৯টা ৩০ মিনিটের পর থেকে ভোর ৪টার মধ্যে রাজ্যের সব জেলায় ভারী বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের তীব্র আশঙ্কা করা হচ্ছে।
