সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

ঢাকাসহ দেশের আট বিভাগেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৬ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া সংস্থাটি জানায়, প্রথম ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পরবর্তী দিন অর্থাৎ সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আটটি বিভাগেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এরপর মঙ্গলবার ও বুধবার (৮ ও ৯ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকা এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। তবে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে দেশের দক্ষিণাঞ্চলীয় বিভাগে দু-এক জায়গায় সীমাবদ্ধ হতে পারে এবং সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।


