logo

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার (১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঝোড়ো হাওয়ার সঙ্গে এসব এলাকায় দমকা বাতাস, বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর (পুনঃ) নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

এই সময়ের মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যা নৌ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে।

এ পরিস্থিতিতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।