logo

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ঢাকা ও আশপাশের এলাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

যেখানে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকবে।
 
এদিকে আজ ভোর ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ।

গত মঙ্গলবার আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।