এবার উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা

চলমান বর্ষায় মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী বর্ষণে দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় এবার উত্তরাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১১ জুলাই) রাজধানীর আবহাওয়া অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২ থেকে ৩ দিন রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ভারী বর্ষণ হতে পারে।
এদিকে চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায় বৃষ্টিপাত প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলে চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় জারি করা সতর্কসংকেত শিগগিরই তুলে নেওয়া হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে—১০৬ মিলিমিটার। এ ছাড়া যশোরে ৮৯, বান্দরবানে ৮০, রাঙামাটিতে ৭৭ এবং সিলেটে ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অন্যান্য অঞ্চলের মধ্যে রাজশাহীতে ৬২, সাতক্ষীরায় ৬১, হাতিয়ায় ৫৫, ঢাকায় ৪৬, আরিচায় ৪২, সৈয়দপুরে ৩৭, ভোলায় ৩৪ এবং চট্টগ্রামে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এর আগে গতকাল শুক্রবার (১০ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই অবস্থায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের আরও ৫টি জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
দেশের নদ-নদীর বর্তমান অবস্থা তুলে ধরে পাউবোর পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। তবে একই সময়ে গোমতী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরীসহ সংশ্লিষ্ট নদীগুলোর পানি সমতল ধীরগতিতে হ্রাস পেতে পারে এবং নদীর তীরবর্তী নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হতে পারে।





