logo

৩ জেলায় বন্যার শঙ্কা

৩ জেলায় বন্যার শঙ্কা

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের ফলে তিন জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সবশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে, অপরদিকে ভোগাই-কংস নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে এবং নদীসমূহ প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় এবং দেশের উজানে ভারী বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এ অবস্থায় উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা এবং মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু-খোয়াই নদীসমূহের পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। তৃতীয় দিন সুরমা, কুশিয়ারা, খোয়াই, জুড়ি নদী ও এর প্রধান উপনদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, ধনু-বাউলাই ও ভোগাই-কংস নদীসমূহের পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। তৃতীয় দিন নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ভোগাই-কংস ও নদী ও প্রধান উপ-নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।