ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে কতদিন বৃষ্টি চলবে, জানাল আবহাওয়া অফিস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত ও শক্তি সঞ্চয় করে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে দেশের ওপর সক্রিয় থাকা মৌসুমি বায়ুর কারণে ঢাকাসহ আটটি বিভাগেই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২০ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। একই সঙ্গে মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরেও বিস্তৃত রয়েছে। এর ফলে আগামী পাঁচ দিনের মধ্যে বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টির তীব্রতা তুলনামূলক বেশি থাকবে।
পূর্বাভাস অনুযায়ী, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ ছাড়া ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।
বুধবার ও বৃহস্পতিবার (২৩ ও ২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং দেশের অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনের পূর্বাভাস সময়সীমার শেষের দিকে (অর্থাৎ ২৫ সেপ্টেম্বরের পর থেকে) দেশজুড়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নারায়ণগঞ্জে ৮২ মিলিমিটার এবং রামগতিতে ৮১ মিলিমিটার। এছাড়া ভোলায় ৭৭ মিমি, পটুয়াখালীতে ৬৯ মিমি ও মাদারীপুরে ৬১ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে, সিলেট বিভাগসহ গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, নেত্রকোনা, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা ও বরিশাল জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, বৃষ্টিপাতের কারণে তা প্রশমিত হতে পারে।


