রাতে যেসব অঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি

দেশের ১২ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
সোমবার (১ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাংগাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ।
তিনি বলেন, জুন মাসজুড়ে দেশের বিভিন্ন এলাকায় আরও দুই থেকে তিনটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে এ মাসে বৃষ্টিপাতের সম্ভাবনাও তুলনামূলক কম। তবে জুনের দ্বিতীয় সপ্তাহে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এরপর আবারও নতুন করে তাপপ্রবাহ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
বর্তমানে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। ফলে জনজীবনে অস্বস্তি বেড়েছে।
