logo

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি
ছবি: সংগৃহীত

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও হতে পারে।

রোববার (৩১ মে) আবহাওয়া অধিদপ্তরের সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

বার্তায় বলা হয়েছে, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। এ ছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রপাত হতে পারে।

এমন পরিস্থিতিতে তিন জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকাতে পারে। বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।