logo

ছয় শৈত্যপ্রবাহের শঙ্কা, আসতে পারে দুই ঘূর্ণিঝড়

ছয় শৈত্যপ্রবাহের শঙ্কা, আসতে পারে দুই ঘূর্ণিঝড়
ছবি: এশিয়া পোস্ট কোলাজ

চলতি বছরের ডিসেম্বর ও আগামী বছরের জানুয়ারিতে দেশে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ দুই মাসে চার থেকে ছয়টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

বুধবার (৪ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী জানুয়ারি পর্যন্ত সময়ে বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

এ সময়ে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এবং নদ-নদীর অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে। এতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও শীতের অনুভূতি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রার ভিত্তিতে শৈত্যপ্রবাহকে তিন ভাগে ভাগ করা হয়। তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এলে তা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

সব মিলিয়ে ডিসেম্বর ও জানুয়ারিতে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ বাড়তে পারে। একই সঙ্গে ঘন কুয়াশার কারণে জনজীবনেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।