Advertisement

দেশের ৮ জেলায় রাতে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

এশিয়া পোস্ট ডেস্ক
দেশের ৮ জেলায় রাতে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
৮ জেলায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ছবি: সংগৃহীত

সারা দেশের আট জেলার ওপর দিয়ে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব বিভাগে আগামী কয়েক দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও অতিভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল বুধবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৩০ মিলিমিটার। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২২ মিনিটে।