logo

ঢাকাসহ সব বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা, থাকবে যত দিন

ঢাকাসহ সব বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা, থাকবে যত দিন
ছবি : বাংলা ট্রিবিউন

আগামী কয়েক দিন ঢাকাসহ দেশের আটটি বিভাগেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের তীব্রতা আজ ও আগামীকাল বেশি থাকলেও সপ্তাহের মাঝামাঝি সময়ে তা কিছুটা কমে আসবে। তবে চলতি মাসের শেষ সময় পর্যন্ত চট্টগ্রাম, বরিশালসহ বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, উড়িষ্যা এবং তৎসংলগ্ন উত্তর অন্ধ্র প্রদেশ এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্য প্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ আটটি বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে এসে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মাসের শেষ দিনে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ দিন চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনে আবহাওয়ার সার্বিক অবস্থার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রথম দিকে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও ২৭ সেপ্টেম্বরের দিকে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।