logo

রাতেই ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব জেলায়

রাতেই ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব জেলায়
ঝড়-বৃষ্টির প্রতীকী ছবি

দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের সাতটি জেলা বা অঞ্চলে আজ রাত থেকে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ খোঃ হাফিজুর রহমান।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা এই ঝোড়ো হাওয়া মূলত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের পৃথক আরেকটি পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এটি বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া রংপুর, দিনাজপুর ও সৈয়দপুর জেলাগুলোর ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা বৃষ্টিপাতের প্রভাবে প্রশমিত হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।